ইসরাইলের হামলা: গাজায় মৃত্যু ছাড়াল ৫৩ হাজার

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে থাকাকালীন বৃহস্পতিবার সবচেয়ে বেশি ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গতকালকের হামলায় এখন পর্যন্ত ১৪৩ জনের নিহতের খবর পাওয়া গেছে। এ নিয়ে যুদ্ধে মৃতের সংখ্যা ৫৩ হাজার ছাড়াল।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ছিল ফিলিস্তিনিদের ৭৭তম নাকবা দিবস, যার অর্থ বিপর্যয়। এদিন গাজাজুড়ে চলে ইসরায়েলের আগ্রাসন। জাবালিয়ায় একটি স্বাস্থ্য কেন্দ্রে বোমা হামলায় শিশুসহ নিহত হয় ১৩ জন। দক্ষিণের খান ইউনিস থেকে মিলেছে হতাহতের খবর। বাহিনীর বিমান হামলা চলছে উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায়। ৩ জন প্রাণ হারানোর পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে অনেকেই।

প্রতিবেদনে আরও বলা হয়, আইডিএফের অভিযানে অচল হয়ে গেছে গাজার ইউরোপিয়ান হাসপাতাল।

এদিকে জাতিসংঘ বলছে, গাজায় আমেরিকা সমর্থিত ত্রাণ কর্মসূচি বিতর্কিত। সংস্থাটির দাবি, মানবিক নীতি মানতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন।

এনএএন টিভি