ইসরায়েলের বোমা হামলায় আরও ৭ জিম্মির মৃত্যু হয়েছে: হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে থাকা আরও সাত ইসরায়েলি জিম্মির মৃত্যু হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলায় এসব জিম্মি মারা গেছেন। গতকাল শুক্রবার হামাস এ কথা বলেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার পর ওই ব্যক্তিদের জিম্মি করেছিল হামাস। ওই দিন থেকেই গাজায় সর্বাত্মক হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসাম বিগ্রেডের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোয় পরীক্ষা-নিরীক্ষা ও যাচাইয়ের পর আমরা এটা নিশ্চিত হয়েছি যে জায়নবাদীদের (ইসরায়েলি বাহিনী) বোমা হামলায় গাজা উপত্যকায় আমাদের কয়েকজন মুজাহিদিন শহীদ হয়েছেন। সেই সঙ্গে শত্রুপক্ষের সাত বন্দীর মৃত্যু হয়েছে।’

৭ অক্টোবরের হামলায় প্রায় আড়াই শ মানুষকে জিম্মি করেছিল হামাস। তাঁদের মধ্যে ইসরায়েলি ছাড়াও বিদেশি নাগরিকেরা ছিলেন। ওই হামলায় ১ হাজার ১৫০ জনের বেশি মানুষ প্রাণ হারান।

অন্যদিকে অবরুদ্ধ গাজায় কয়েক মাসের ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে বলে উল্লেখ করেছে হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাঁদের বেশির ভাগ নারী ও শিশু।

 

এনএএন টিভি