গাজায় অব্যাহত ইসরাইলি বিমান হামলা, নিহত আরও ৪১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শুক্রবার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১০ জন।

শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা আনাদোলু’র।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবারের পর ইসরাইলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৮ হাজার ৬৬৭ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জন ফিলিস্তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

২০২৩ সালের অক্টোবরের হামলায় হামাস যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং আরও ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এর জবাবে ইসরাইল ওই দিন থেকেই গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে।

১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করে তেলআবিব। তবে যুদ্ধবিরতির দুই মাস শেষ হওয়ার আগেই, ১৮ মার্চ থেকে পুনরায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ।

দ্বিতীয় দফার অভিযানে গত আড়াই মাসে আরও ৭ হাজার ৮৪৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২৭ হাজার ৯৯৩ জন।

হামাসের হাতে জিম্মি হওয়া ২৫১ জনের মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, সামরিক অভিযান চালিয়ে তাদের উদ্ধারের পরিকল্পনা রয়েছে।

গাজার মানবিক পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। খাদ্য, চিকিৎসা এবং নিরাপদ আশ্রয়ের অভাবে সংকট আরও ঘনীভূত হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো।

 

এনএএন টিভি