চীনের পথচারীদের ওপর গাড়ি আছড়ে পড়ে ৮ জনের মৃত্যু

চীনের মধ্যাঞ্চলের একটি প্রধান শহরে পথচারীদের ওপর একটি গাড়ির আচমকা ধাক্কায় অন্তত আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (২৭শে জুলাই) স্থানীয় সময় ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। তবে চালক ইচ্ছাকৃতভাবে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন কি না তা জানা যায়নি। এএফপির তথ্য।

 

দেশটির পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হুনান প্রদেশের রাজধানী চাংশায় মধ্যরাতের পরপরই এই দুর্ঘটনা ঘটেছে। ওই এলাকায় বসবাসকারী ৫৫ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।’

 

বিবৃতিতে পুলিশ বলেছে, রাতে আচমকা একটি মোটর গাড়ি পথচারীদের ধাক্কা দিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আটজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

কঠোর নিরাপত্তা ব্যবস্থার অভাবে চীনে প্রায়ই এই ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটিতে অতীতে যানবাহন ব্যবহার করে হামলার ঘটনারও রেকর্ড রয়েছে। তবে শনিবার রাতের এই ঘটনা উদ্দেশ্যমূলক কি না সেই বিষয়ে পুলিশ কোনও ইঙ্গিত দেয়নি।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card