জনপ্রিয় হলিউড অভিনেতা ও ‘মিশন : ইম্পসিবল’ তারকা টম ক্রুজ এ বছরের মর্যাদাপূর্ণ কেনেডি সেন্টার অনার্স গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৫ সালের সম্মাননাপ্রাপ্তদের তালিকায় তার নাম প্রস্তাব করা হলেও, ‘সময়সূচির জটিলতার’ কারণে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
টম ক্রুজের পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প বুধবার ৪৮তম কেনেডি সেন্টার অনার্সের জন্য যে তালিকা প্রকাশ করেছেন, তাতে স্থান পেয়েছেন ব্রডওয়ে তারকা মাইকেল ক্রফোর্ড, কান্ট্রি সংগীতশিল্পী জর্জ স্ট্রেইট, ‘আই উইল সারভাইভ’ খ্যাত গায়িকা গ্লোরিয়া গেনর ও চলচ্চিত্র অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন ও জনপ্রিয় গ্ল্যাম মেটাল ব্যান্ড কিস।
অনুষ্ঠান নিয়ে ট্রাম্প রসিকতা করে বলেন, আমি সবসময় একটি কেনেডি সেন্টার অ্যাওয়ার্ড চাইতাম, কিন্তু কখনো পাইনি। তাই ভাবলাম, চেয়ারম্যান হয়ে নিজেকেই সম্মাননা দিয়ে দিই। আগামী বছর আমরা ট্রাম্পকে সম্মান জানাবো, ঠিক আছে?
বুধবার (১৩ আগস্ট) ট্রাম্প ঘোষণা করেন, এ বছর এ পুরস্কার পাচ্ছেন হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালন, কান্ট্রি মিউজিক তারকা জর্জ স্ট্রেইট, ডিস্কো ডিভা গ্লোরিয়া গেনর, রক ব্যান্ড কিস এবং ব্রিটিশ নাট্যকর্মী মাইকেল ক্রফোর্ড। ক্রফোর্ড ব্রডওয়ের বিখ্যাত মিউজিক্যাল ফ্যান্টম অব দ্য অপেরা-এর প্রধান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন।
প্রথা অনুযায়ী ডিসেম্বরের শুরুতে এই গালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং পরে সিবিএস টিভিতে সম্প্রচারিত হয়। তবে এবার ট্রাম্প নিজেই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন।
কেনেডি সেন্টার যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় পারফর্মিং আর্টস ভেন্যুগুলোর একটি, যা প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতিতে নির্মিত। ১৯৭১ সালে উদ্বোধনের পর থেকে কেন্দ্রটি রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় শিবিরের কাছ থেকে সমান সমর্থন পেয়ে এসেছে।
এদিকে চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে টম ক্রুজ এ বছর আরও একটি মর্যাদাপূর্ণ সম্মাননা পাচ্ছেন। গত জুনে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ঘোষণা করে, আগামী ১৬ নভেম্বর গভর্নস অ্যাওয়ার্ডসে তাকে সম্মানসূচক অস্কার দেওয়া হবে।

One Reply to “ট্রাম্পের যে আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন টম ক্রুজ”
Comments are closed.