ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

পাকিস্তান কর্তৃপক্ষ আবারও ভারতীয় উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না কোনো ভারতীয় উড়োজাহাজ।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ভারতীয় এয়ারলাইন্সের পরিচালিত সমস্ত উড়োজাহাজ পাকিস্তানের আকাশপথে প্রবেশ করতে পারবে না। এ নিষেধাজ্ঞা ভারতীয় মালিকানাধীন কিংবা ভাড়া করা সামরিক ও বেসামরিক উড়োজাহাজের ক্ষেত্রেও বহাল থাকবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন মতে, বুধবার (২০ আগস্ট) পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় কোনো বিমান পাকিস্তানের আকাশপথে প্রবেশ করতে পারবে না। এ নিষেধাজ্ঞা ভারতীয় মালিকানাধীন কিংবা ভাড়া করা সামরিক ও বেসামরিক বিমানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

গত ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। এই ঘটনার জন্য প্রতিবেশী দেশ পাকিস্তানকে দায়ী করে ভারত। এ নিয়ে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে ২৩ এপ্রিল নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান।

পাকিস্তানের পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি বিমানের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দেয়। এরপর কয়েকবার এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। সবশেষ গত বুধবার আরও এক মাস বাড়ানো হলো। যা আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।

এনএএন টিভি