মালয়েশিয়ায় ৭৪ বাংলাদেশিসহ ১১৬ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৪ বাংলাদেশিসহ ১১৬ অভিবাসীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সেরেম্বান রাজ্যের ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি জানান, অভিযানে ১৮০ জন বিদেশির নথিপত্র যাচাই-বাছাইয়ের পর তাদের মধ্যে থেকে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে ১১৬ জনকে আটক করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার মালয়েশিয়ার সেরেম্বান রাজ্যের নেগেরি সেম্বিলানের কুয়ালা পিলাহে একটি ইট কারখানা এবং পোর্ট ডিকসনে একটি শিল্প ভবনের নির্মাণস্থল থেকে আলাদা আলাদা অভিযানে তাদের আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

আটককৃতদের মধ্যে পাকিস্তানি ৯, ইন্দোনেশিয়ার ১৩ পুরুষ এবং ২ নারী, ভারতীয় ৫, মিয়ানমারের ২, বাংলাদেশি ৭৪ এবং চীনের ১১ জন নাগরিক রয়েছেন।

রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানায়, আটক অভিবাসীদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে তাদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

এনএএন টিভি