যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নি। তবে ঝোড়ো বাতাসের গতি কমে আসায় অগ্নিনির্বাপণকর্মীরা দাবানল ছড়িয়ে পড়ার গতিও কিছুটা কমাতে পেরেছেন। এর আগের দুই দিনে ঝোড়ো বাতাসের কারণে প্রচণ্ড বেগে দাবানল ছড়িয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে বলা হয়, লস অ্যাঞ্জেলেসের পশ্চিমাঞ্চলে স্যান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী প্যালিসেইডস এলাকা এবং পূর্বে পাসাডেনার কাছে ইটন এলাকার দাবানলকে ইতিমধ্যে শহরটির ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক বলে মনে করা হচ্ছে। দাবানলে ইতিমধ্যে সেখানকার প্রায় ৩১ হাজার একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।
প্রাণহানি বেড়ে ১০
লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল পরীক্ষক বলেছেন, দাবানলে প্রাণহানি বেড়ে ১০ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। দাবানলে কয়েক হাজার ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, আরও ২ লাখ মানুষকে সতর্কতার আওতায় রাখা হয়েছে।
