লিবিয়া থেকে ১৫৮ বাংলাদেশি দেশে ফিরছেন

উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার চেষ্টা চালান অনেক বাংলাদেশি। বৈধভাবে সফল না হয়ে বেছে নেন অবৈধ পথ। আর স্বপ্নের ইউরোপ যাওয়ার পথে আটকা পড়েন লিবিয়ায়। হতে হয় নানা হয়রানির শিকার। জিম্মি করে হাতিয়ে নেওয়া হয় সর্বস্ব। তবে এবার দেশটিতে আটকে পড়া ১৫৮ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার।

লিবিয়ার ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১৫৮ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় তাদের বাংলাদেশে প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সোমবার (১৬ জুন) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইওএম ভাড়া করা বুরাক এয়ারের বিশেষ ফ্লাইট (নম্বর: UZ222) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

মঙ্গলবার (১৭ জুন) ভোরে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের নিরলস প্রচেষ্টায় আটক এসব বাংলাদেশিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।