সমুদ্রে দাউ দাউ করে পুড়ছে একটি ফেরি, প্রাণ বাঁচাতে অনেকে ঝাপিয়ে পড়ছেন সমুদ্রে। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ইন্দোনেশিয়ার একটি ফেরিতে আগুন লাগার এই ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।
দেশটির কোস্ট গার্ড জানিয়েছে, এখন পর্যন্ত ২৮০ জনকে উদ্ধার করা হয়েছে। ফেরিতে আগুন লাগার পর বহু যাত্রীকে মাঝ সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়।
দ্বীপ অঞ্চল তালুড থেকে উত্তর সুলায়েসি অঞ্চলের মানাডোগামী কেএম বার্সেলোনা পাঁচ-এ আগুন লাগে। মৃতদের মধ্যে একজন সন্তানসম্ভবা নারীর দেহও উদ্ধার হয়েছে।
হেনদ্রাতা জানান, উদ্ধারকাজে নৌবাহিনীর তিনটি জাহাজ মোতায়েন করা হয়েছে। যাত্রী ও ক্রু মিলিয়ে ফেরিটির ২৮৪ আরোহীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় জেলেরাও উদ্ধারকাজে সহায়তা করেছেন। তারা কাছাকাছি দ্বীপগুলোর নিকটে অস্থির সমুদ্রের মধ্যে লাইফ জ্যাকেট পরা অবস্থায় ভাসমান অনেককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
উদ্ধারকারীরা গর্ভবতী এক নারীসহ ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছেন।
কতজন আহত তার সুনির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়নি। যখন আগুন ধরে তখন ফেরিতে কতজন যাত্রী ও ক্রু ছিলেন, তাও নিশ্চিত হওয়া যায়নি।
“উদ্ধার তৎপরতাতেই মনোযোগ এখন আমাদের,” আগুনের কারণ খতিয়ে দেখা হবে জানিয়ে বলেছেন হেনদ্রাতা।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রকাশিত ছবি ও ভিডিওতে আগুন ধরার পর আতঙ্কিত যাত্রীদের সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে। পুড়তে থাকা নৌযানের নিচ থেকে তখনও কমলা রঙের আগুন ও কালো ধোঁয়া বেরিয়ে আসছিল।

2 Replies to “ইন্দোনেশিয়ার মাঝ সমুদ্রে ফেরিতে আগুন, মৃত্যু ৫”
Comments are closed.