সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে পরপর বিস্ফোরণ, আহত ৪

সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে দেশটির সামরিক বাহিনীর একটি গোলাবারুদের ডিপোতে পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরের দিকে আলেপ্পোর আল-ইস এলাকায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর অপারেশন বিভাগের প্রধান ফয়সাল মাহমুদ আলী জানান, পরপর বিস্ফোরণের কারণে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করতে কিছুটা সময় লেগেছে।

আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা আরব নিউজকে বলেন, ‘শেষ রাতের দিকে বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। ছাদে উঠে দেখি দূরে বিশাল এক অগ্নিশিখা।’

তবে কী কারণে গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আলেপ্পোর গভর্নর আজম আল ঘারিব শহরের বাসিন্দাদের আপাতত ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি শহরের হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নগরবাসীর নিরাপত্তার কথা বিবেচনায় বিস্ফোরণস্থলের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলেপ্পোর মেয়র।

সাম্প্রতিক সময়ে সিরিয়ার বিভিন্ন এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে। তবে এসব বিস্ফোরণের কারণ কী এবং এর জন্য কারা দায়ী, সে বিষয়ে প্রেসিডেন্ট আহমেদ শারা নেতৃত্বাধীন সরকার এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি।

 

এনএএন টিভি