আইফোন ১৭ কেনা নিয়ে দোকানের সামনে হুড়োহুড়ি-হাতাহাতি

সম্প্রতি বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট কোম্পানি অ্যাপল তাদের আইফোন ১৭ সিরিজ প্রকাশ করেছে। বিভিন্ন দেশে এরইমধ্যে শুরু হয়েছে প্রি অর্ডারসহ বিক্রি। তবে নতুন এই আইফোন কিনতে ভারতের মুম্বাই শহরের একটি স্টোরের সামনে হয়েছে হাতাতাতি ও কিল ঘুষির মত ঘটনা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকেই মুম্বাই, দিল্লিসহ বেশ কিছু শহরে শুরু হয় আইফোন ১৭ সিরিজের বিক্রি। আর তা কিনতে ক্রেতাদের বেশ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অবস্থিত অ্যাপলের স্টোরে শুক্রবার সকালে নতুন আইফোন ১৭ কিনতে গিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। ক্রেতা ও প্রযুক্তিপ্রেমীদের ভিড়ে সেখানে একপর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়।

ঘটনার প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, দোকানের পাশে গ্লাসের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছেন বহু মানুষ। এদের মধ্যে কিছু ব্যক্তি হাতাহাতি জড়িয়ে পড়েছেন। একে অন্যকে মারছেন কিল ঘুষি। এরপর নিরাপত্তা রক্ষী এসে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে।

ক্রেতাদের অভিযোগ, বিভিন্ন শহর থেকে এসে তারা ভোর থেকে দাঁড়িয়ে আছেন। কিন্তু কেউ লাইন মানছেন না। মাঝখান দিয়ে লাইনে মানুষ ঢুকে পড়ছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার ফলে এমন ঘটনা ঘটছে বলেও তাদের অভিযোগ।

অ্যাপল এ মাসে তাদের নতুন সিরিজ আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং নতুন ‘আইফোন এয়ার’ বাজারে এনেছে। প্রো মডেলে এসেছে অ্যালুমিনিয়ামের বডি, এ পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি এবং নতুন ফুল-উইডথ ক্যামেরা প্ল্যাটো।

Share this news as a Photo Card