ইরানের সাথে চুক্তি করতে তাড়াহুড়ো নেই ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে একটি ‘দারুণ চুক্তি’ করতে তার কোনো তাড়াহুড়ো নেই। রোববার (৩১ মে) মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একটি চমৎকার চুক্তি করতে যাচ্ছে, আর তা যদি শেষ পর্যন্ত না হয়, তবে আমরা আবারও ফিরে যাব এবং সামরিকভাবে এর শেষ দেখে ছাড়ব। অবশ্য তিনি যোগ করেন যে, তিনি চুক্তির মাধ্যমেই বিষয়টির সমাধান করতে বেশি আগ্রহী, কারণ এটি অনেক মানুষের জীবন বাঁচাবে।

তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের পরপরই আমরা অবিলম্বে হরমোজ প্রণালী উন্মুক্ত করে দিতে পারব।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই নিজের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, এসব প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগে। আমার কোনো তাড়াহুড়ো নেই। আপনি যদি খুব তাড়াহুড়ো করতে যান, তবে কখনোই ভালো চুক্তি করতে পারবেন না। আমরা ধীরেসুস্থে কিন্তু নিশ্চিতভাবে যা চাচ্ছি, তা-ই পাচ্ছি বলে আমি মনে করি। আর যদি আমরা আমাদের মনের মতো ফলাফল না পাই, তবে আমরা ভিন্ন উপায়ে এর সমাপ্তি টানব।