কলকাতায় গুদামের ছাদ ধসে নিহত ১০

পশ্চিমবঙ্গের কলকাতার তারাতলা এলাকায় নির্মাণাধীন গুদামের ছাদ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর নিহতের সংখ্যা বাড়ে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম।

ধ্বংসস্তূপের নিচে এখনও কেউ আটকে আছেন কিনা, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।

বুধবার (২৪ জুন) দুপুরে ঘটে এ দুর্ঘটনা। সেখানে তখন ৪০-৫০ জন শ্রমিক কাজ করছিলেন। প্রায় ২১ ঘণ্টা পরও চলছিল উদ্ধারকাজ। উদ্ধারকারীরা সেনাবাহিনীর অত্যাধুনিক ভূগর্ভ অনুসন্ধান প্রযুক্তির সহায়তায় ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষের সন্ধান চালাচ্ছেন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৩০ জনের মতো ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।