ধ্যান ও মৌন পালনের দ্বিতীয় দিন আজ শনিবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাকডাকা ভোরে উঠে সূর্য প্রণাম করলেন। আজ ভোরে গেরুয়া বসনে মোড়া প্রধানমন্ত্রী মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে কমন্ডুলের জল সমুদ্রে ফেলে নবোদিত অরুণের স্তব করলেন। জপলেন হাতে ধরে রাখা রুদ্রাক্ষের মালা। তারপর বিবেকানন্দের মূর্তিতে প্রণাম করে বসলেন দ্বিতীয় দিনের ধ্যানে।
কন্যাকুমারী থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুই-ই দেখা যায়।
আজ শনিবার সপ্তম ও শেষ পর্বের ভোট শেষ হলে ধ্যান শেষ করে ও মৌন পালন ভেঙে প্রধানমন্ত্রী ফিরে যাবেন দিল্লি, গোটা দেশ যখন ‘এক্সিট পোল’ বা বুথফেরত জরিপের ফল নিয়ে আলোচনায় ব্যস্ত থাকবে।
সপ্তম পর্বের ভোট চলাকালে প্রধানমন্ত্রীর এই প্রার্থনার সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধী মহল সরব হয়েছিল।
তাদের পক্ষ থেকে দরবার করা হয়েছিল নির্বাচন কমিশনে। আরজি ছিল, প্রধানমন্ত্রী ধ্যানে বসতেই পারেন, কিন্তু তা যেন গণমাধ্যমে সম্প্রচারিত না হয়। সেটা হবে আদর্শ নির্বাচনী বিধিভঙ্গের শামিল।
কমিশন বিরোধীদের সেই আরজি খারিজ করে দেয়। প্রধানমন্ত্রীও নির্দ্বিধায় দেশের শেষ প্রান্তে তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে ধ্যানমগ্ন হলেন। যদিও তা নিয়ে কটাক্ষে ভরিয়ে দিল বিরোধী দলগুলো।
