ভারতে যমুনার পানি বিপদসীমা অতিক্রম করেছে, দিল্লিতে ভারী বৃষ্টিপাত

ভারতের রাজধানী দিল্লিতে যমুনার পানি বিপদসীমা অতিক্রম করেছে। এ অবস্থায় নদীর তীর থেকে ১০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

চলতি বছর ভারতে বর্ষা মৌসুম বিশেষভাবে তীব্র প্রভাব ফেলেছে। শুধুমাত্র আগস্ট মাসেই উত্তর ভারতে কমপক্ষে ১৩০ জন মারা গেছে। গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে, অবকাঠামো ধ্বংস হয়েছে।

সর্বশেষ বন্যার কবলে পড়েছে উত্তর জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পাঞ্জাব। সেখানে চেনাব ও তাবি নদীর পানি বেশ কয়েকটি স্থানে বিপদসীমার ওপরে উঠে গেছে।

দেশটির কেন্দ্রীয় জল কমিশন জানিয়েছে, গত মঙ্গলবার দিল্লিতে যমুনার পানি বিপদসীমা অতিক্রম করে। এর ফলে কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত দেখা চিয়েছে

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিচু এলাকায় বসবাসকারীদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় ১০ হাজার মানুষকে প্রধান মহাসড়ক বরাবর সরকারের ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার সতর্কতার কারণে কিছু কিছু এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে লোকজনকে ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে।