এমন ছন্দে থাকা বাংলাদেশের পরের মিশন টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ। ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া মনে করেন, ছন্দ বাংলাদেশের পক্ষে থাকলেও এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে পারে।

নেদারল্যান্ডস সিরিজে তিন ইনিংসে দুটিতে ফিফটি পান লিটন। হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। এর আগে শ্রীলঙ্কা সিরিজেও দারুণ খেলে সিরিজসেরা হন লিটন। চোপড়া মনে করেন, ব্যাটিংয়ে লিটনের প্রতি অতি নির্ভরশীল বাংলাদেশ, ‘দুর্বলতার কথা বললে বলতে হবে, তারা লিটন দাসের ওপর অতিরিক্ত নির্ভরশীল। লিটন দাস মানসম্মত খেলোয়াড়, কিন্তু যতটা সামর্থ্য আছে, ততটা ভালো এখনো করতে পারেনি। সে এ মুহূর্তে অধিনায়ক, তাই দল অবশ্যই তার দিকে তাকিয়ে থাকবে, কিন্তু তারা তার ওপর খুব বেশি নির্ভরশীল। গুরুত্বপূর্ণ সময়ে এই দলটার “চোক” করার প্রবণতা আছে।’

বাংলাদেশ দলের আরও কিছু দুর্বলতা তুলে ধরেন চোপড়া, ‘এই দলটা ২১০ থেকে ২২০ রান করার মতো না। তবে ১৬০ থেকে ১৮০ এর লক্ষ্য পেলে দলটি স্বচ্ছন্দে থাকে। এটাও একটা দুর্বলতা। একজন পরিপূর্ণ অলরাউন্ডারের অভাব আছে। অনেক দিন পর বহুজাতিক টুর্নামেন্টে সাকিব নেই। মেহেদী হাসান মিরাজও নেই।’
এশিয়া কাপে বাংলাদেশের সুযোগ নিয়ে চোপড়া বলেছেন, ‘যদি আমরা সুযোগের কথা বলি, তাহলে বলতে হবে তাদের হারানোর কিছু নেই, তবে অনেক কিছু পাওয়ার আছে। কারণ, তারা দীর্ঘদিন ধরে বহুজাতিক টুর্নামেন্টে ভালো করছে না। তারা একসময় নিজেদের সামর্থ্যের চেয়েও ভালো খেলত। ২০০৭ সালে তারা আমাদের (বিশ্বকাপ থেকে) ছিটকে দিয়েছিল। তারা বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে ঠিকই কিন্তু প্রতিযোগী হিসেবে নয়, আর এটাই তারা এখন করতে চায়।’
তবে বাস্তবতাও মনে করিয়ে দিয়েছেন এই ধারাভাষ্যকার, ‘সত্যি বলতে, তাদের কাজটা কঠিন, যদিও টি-টোয়েন্টিতে যেকোনো দলকে হিসাবের বাইরে রাখা ভুল হবে। তবে আমার মনে হয়, তারা আটকে যাবে। আফগানিস্তান ও শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতে পারে। তাই বাংলাদেশের গল্প লিগ পর্যায় থেকে শেষ হতে পারে।’

One Reply to “এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন না সাবেক ভারতীয় ওপেনার”
Comments are closed.