ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সেইসঙ্গে বৈরুতের দক্ষিণ প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের আশা ব্যক্ত করেছেন তিনি।
আউনের এই বিবৃতিটি গত সপ্তাহে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার’র বিবৃতির প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। যেখানে গিদিওন লেবানন এবং সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন।
শুক্রবার প্রেসিডেন্ট দপ্তরের শেয়ার করা এক বিবৃতি অনুসারে, আউন ‘শান্তি এবং স্বাভাবিকীকরণের মধ্যে পার্থক্য করেছেন’।
একটি আরব থিংক ট্যাংকের প্রতিনিধিদলের সামনে প্রেসিডেন্ট বলেন, ‘শান্তি হলো— যুদ্ধ পরিস্থিতির অভাব এবং এই মুহূর্তে লেবাননে আমাদের কাছে এটিই গুরুত্বপূর্ণ। আর স্বাভাবিকীকরণ—এটি বর্তমানে লেবাননের পররাষ্ট্র নীতির অংশ নয়। ’
লেবানন এবং সিরিয়া ১৯৪৮ সাল থেকে টেকনিক্যালি ইসরাইলের সঙ্গে যুদ্ধাবস্থায় রয়েছে ।
প্রেসিডেন্ট আওন আরও বলেন, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী পাঁচটি এলাকা এখনো ইসরায়েল দখলে রেখেছে। এই এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানান তিনি। তিনি বলেন, ইসরায়েলি সেনাদের উপস্থিতি লেবাননের আন্তর্জাতিক স্বীকৃত সীমান্ত পর্যন্ত সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বাধা হয়ে আছে।
গত নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ বন্ধে যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছিল, তার আওতায় ইসরায়েলকে পুরোপুরি দক্ষিণ লেবানন ছাড়ার কথা ছিল। চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহ যোদ্ধাদের লিটানি নদীর উত্তরে সরে যেতে হবে এবং ওই এলাকায় কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করবে।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে লেবাননকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার আহ্বান জানানো হয়েছে। লেবানন এ আহ্বানের জবাব দিলেও তা প্রকাশ করা হয়নি। প্রেসিডেন্ট আওন শুধু এটুকু জানান, দেশের অস্ত্রের নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকবে। তবে এটি বাস্তবায়নে জাতীয় ঐক্য ও শান্তি বজায় রাখার দিকটিও বিবেচনায় নেওয়া হবে। এতে ইঙ্গিত মিলেছে, হিজবুল্লাহকে বলপ্রয়োগের মাধ্যমে নিরস্ত্র করার কোনো পরিকল্পনা নেই।
১৫ বছর স্থায়ী লেবাননের গৃহযুদ্ধের পর হিজবুল্লাহ একমাত্র গোষ্ঠী যারা অস্ত্র ধরে রেখেছে। তখনও দক্ষিণ লেবানন ইসরায়েলের দখলে ছিল। সম্প্রতি এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের সঙ্গে চলা উত্তেজনা এবং গত সেপ্টেম্বরের দুই মাসের যুদ্ধ হিজবুল্লাহর শক্তি অনেকটাই ক্ষয় করেছে।

2 Replies to “ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন”
Comments are closed.