বাজি ধরে নির্জলা পাঁচ বোতল মদ গিলে ফেলেছিলেন ভারতের এক তরুণ। বাজিতে জিতলেও জীবনের বাজিতে হেরে গেছেন ২১ বছরের ওই তরুণ। বাজি জেতার কিছুক্ষণ পরেই স্থানীয় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১ মে) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকে। ভুক্তভোগী যুবকের নাম কার্তিক।
প্রতিবেদনে বলা হয়, ভেঙ্কট রেড্ডি, সুব্রামণিসহ আরও তিন বন্ধুকে কার্তিক জানান, পানি না মিশিয়ে পাঁচ বোতল মদপান করবেন। বিনিময়ে বন্ধুরা তাকে ১০ হাজার রুপি দেয়ার ঘোষণা দেন।
বাজির শর্ত অনুযায়ী কার্তিক পাঁচ বোতল মদপান করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে কোলার জেলার মুলবাগলের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এনডিটিভি বলছে, এক বছর আগে কার্তিক বিয়ে করেন। মাত্র আট দিন আগে তার স্ত্রী একটি সন্তানের জন্ম দিয়েছেন।
মৃত্যুর ঘটনায় ছয়জনের বিরুদ্ধে নাঙ্গালি থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এরইমধ্যে ভেঙ্কট রেড্ডি ও সুব্রামণিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি বছর প্রায় ২৬ লাখ মানুষের মৃত্যু হয় মদ্যপানের কারণে, যা বিশ্বব্যাপী মৃত্যুর ৪ দশমিক ৭ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, বছরে মাথাপিছু অ্যালকোহল পানের পরিমাণ সবচেয়ে বেশি ইউরোপের দেশগুলোতে; যা গড়ে ৯ দশমিক ২ লিটার। এরপরই রয়েছে আমেরিকার দেশগুলো; গড়ে ৭ দশমিক ৫ লিটার। সবচেয়ে কম অ্যালকোহল পান করা হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোতে।
