আজ থেকে স্বাভাবিক নিয়মে ফিরছে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি। বুধবার (৩১ জুলাই) থেকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে কার্যক্রম।
গতকাল মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে, ২৮ থেকে ৩০ জুলাই সরকারি ও বেসরকারি অফিস চলে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। এর আগে, উদ্ভূদ্ধ পরিস্থিতিতে ২১ ও ২২ জুলাই নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে, ২৩ জুলাইও ছুটি বর্ধিত করা হয়।
দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে, সাধারণ ছুটির পর ২৪ জুলাই থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। ২৪ ও ২৫ জুলাই বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে অফিস।
এদিকে, আজ থেকে আরও শিথিল হবে কারফিউ। আগামী শনিবার পর্যন্ত চার দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ঢাকা ও আশপাশের জেলায় এটি কার্যকর হবে।
এদিকে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বুধবার থেকে ব্যাংকিং কার্যক্রমও চলবে স্বাভাবিক নিয়মে। সাধারণ সময়ের মতো সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে, আর ব্যাংকগুলোর দাপ্তরিক কার্যক্রম চলবে ১০টা থেকে ৬টা পর্যন্ত।
আরও পড়ুন : ইন্টারনেটের ধীরগতির কারণ ভিপিএন ব্যবহার: পলক
