বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা—ইউনিসেফ । শিশুদের মৃত্যুতে উদ্বেগ জানিয়ে ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজেসেকেরা বলেছেন, সব সময় শিশুদের সুরক্ষিত রাখতে হবে। এটা সবার দায়িত্ব।
বিবৃতিতে তিনি বলেন, ‘ইউনিসেফ নিশ্চিত করেছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতার ঘটনায় জুলাই মাসে কমপক্ষে ৩২ জন শিশু নিহত হয়েছে। আরও অনেক শিশু আহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। এ এক ভয়াবহ ক্ষতি। ইউনিসেফ সকল ধরনের সহিংসতার প্রতি নিন্দা জানায়। ইউনিসেফের পক্ষ থেকে আমি, শোকাহত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইউনিসেফ শিশুদের যেকোনো ধরনের আটক বন্ধের আহ্বান জানিয়েছে। এর অর্থ হল শিশুদেরকে নিছক কোনো জায়গায় তাদের উপস্থিতির ভিত্তিতে বা তাদের ব্যাকগ্রাউন্ড, ধর্ম, বা তাদের পরিবারের সদস্যদের কার্যকলাপ বা বিশ্বাসের কারণে গ্রেপ্তার বা আটক করা যাবে না। শিশু ও তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তারা আওয়াজ তোলার সময় তাদের সুরক্ষিত রাখা উচিত। ’
সহিংসতার প্রভাব থেকে শিশুদের বের করে আনা এবং তাদের নিরাপদে রাখতে স্কুলগুলো খুলে দেওয়া, পড়াশোনা পুনরায় চালু এবং বন্ধুবান্ধব ও শিক্ষকদের সঙ্গে তাদের আবার মিলিত হওয়ার সুযোগ তৈরি করা সবচেয়ে ভালো উপায়গুলোর অন্যতম বলে উল্লেখ করেন উইজেসেকেরা। তিনি বলেন, প্রাক্-প্রাথমিক ও মাধ্যমিকের ৩ কোটি শিক্ষার্থী ১০ দিন স্কুলে যেতে পারেনি। চলতি বছরের শুরুতে তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও বন্যার কারণে শিক্ষার যে ক্ষতি হয়েছিল, তার সঙ্গে নতুন করে স্কুল বন্ধ হওয়ার ক্ষতি যুক্ত হয়েছে।
ইউনিসেফের এই কর্মকর্তা বলেন, ৪ আগস্ট থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউনিসেফ। তবে তখনো প্রায় ১ কোটি ৫৫ লাখ শিক্ষার্থী পড়াশোনা শুরু করতে পারবে না। যত দীর্ঘ সময় শিশুরা, বিশেষ করে কন্যাশিশুরা স্কুলের বাইরে থাকবে, ততই তাদের পড়াশোনায় ফেরার সম্ভাবনা কমবে। এতে তাদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে।
বাংলাদেশ সরকার, ইউনিসেফের অংশীদার এবং তরুণদের জন্য কাজ করছে, এমন সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে বলে বিবৃতিতে জানান সঞ্জয় উইজেসেকেরা। এসব বৈঠকে জাতিসংঘের শিশু অধিকার সনদে শিশুদের একত্র হওয়া ও শান্তিপূর্ণভাবে সমাবেশের অধিকারের স্বীকৃতি দেওয়ার বিষয়টির ওপর জোর দেন তিনি। উইজেসেকেরা বলেন, শিশু ও তরুণেরা বাংলাদেশের ভবিষ্যৎ। তাঁরা যখন কোনো কিছু নিয়ে সোচ্চার হন, তখন তাঁদের সুরক্ষা দেওয়া উচিত।
