বিশ্ব শিক্ষক দিবস আজ

বিশ্ব শিক্ষক দিবস আজ।

১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয়। শিক্ষকরা যাতে ভবিষ্যত প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে তা নিশ্চিত করতেই দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষক সমিতি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা ও শোভাযাত্রা। এর মধ্যে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন দিবসটি উপলক্ষে ‘শিক্ষকদের মর্যাদা: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করবে। বুধবার (৫ অক্টোবর) সকাল ১১টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সেমিনার কক্ষে (রমনা) সভা অনুষ্ঠিত হবে। এদিকে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সভাপতি নজরুল আসলাম রনি জানান, অনলাইনে আলোচনা সভাসহ বেসরকারি শিক্ষকরা বিভিন্ন কর্মসূচি পালন করবেন।

দিবসটির পটভূমিতে জানা যায়, ১৯৯৩ খ্রিষ্টাব্দে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৯৯৪ খ্রিষ্টাব্দে প্রথমবার দিবসটি পালন করা হয়। তবে ১৯৯৫ খ্রিষ্টাব্দ থেকে বিভিন্ন দেশে শিক্ষকরা মোটা দাগে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন শুরু করেন। ইউনেস্কোর অনুমোদনে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে।