‘বিবাহ একটি পবিত্র বন্ধন’, বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে; বললেন- ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন। মানসিক প্রশান্তি, জৈবিক চাহিদা পূরণ, আদর্শ পরিবার গঠনের জন্য বিয়ের বিকল্প নেই।
আজ দুপুরে ঢাকার মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে ওয়ার্ল্ড এসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামি) আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ বলেন, ‘বিয়ের মাধ্যমে নতুন পরিবার গড়ে ওঠে এবং মানব বংশধারা পৃথিবীতে বিস্তৃতি লাভ করে। পৃথিবীতে যত নবী-রসূল এসেছেন দুয়েকজন ছাড়া সবাই বিবাহ করেছেন। এটি মানুষের ঈমান ও আমলকে সুসংহত করে। হাদিসে আছে, যখন কেউ বিয়ে করে সে দ্বীনের অর্ধেকাংশ পূরণ করে, বাকি অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে। চরিত্র সংরক্ষিত রাখার জন্য বিয়ে অনন্য ব্যবস্থা।’
ব্যতিক্রমী এই আয়োজনে ৬০ জোড়া নবদম্পতির শুভ বিয়ে দেওয়া হয়। এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট পরিবারের উদ্যোগে পাত্র চূড়ান্ত করা হয়। পাত্র-পাত্রীরা তাদের অভিভাবকসহ পিএসসি কনভেনশন হলে উপস্থিত ছিলেন। বিয়ের খুৎবা পাঠ করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও এটিএন বাংলার ভাইস চেয়ারম্যান মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালীউল্যাহ।
