৩০ লাখ টাকা করে পাবে প্রত্যেক শহীদের পরিবার

গণঅভ্যুত্থানে শহীদ হওয়া প্রতি পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় ছিলেন বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মাহফুজ আলম বলেন, সক্ষমতা অনুযায়ী কাজ করছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের দুটি তালিকা এসেছে। একটি তালিকা যাচাই-বাছাই করা হয়েছে। সেখান থেকে প্রথম পর্বে প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ করে টাকা দেওয়া হবে। পর্যায়ক্রমে দ্বিতীয় তালিকাও যাছাই-বাছাই শেষে ৩০ লাখ করে দেওয়া হবে। আগামীতে আহতদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। সাত সদস্যের এ ফাউন্ডেশনের প্রধান—প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাধারণ সম্পাদক শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ। এ ফাউন্ডেশনকে সরকারের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রতি শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফাউন্ডেশন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে সাতটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর একটি হলো যারা অর্থ সংকটে আছেন, তাদের জরুরি আর্থিক সহায়তা, এককালীন একটি ভাতা ও মাসিক ভাতা দেওয়া। ফাউন্ডেশনে সবাই সহায়তা পাঠাতে পারবেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card