আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ ও পরিণতিনির্ধারক (কনসিকোয়েন্সিয়াল)’ নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন নির্বাচন কমিশনাররা। এ সময় উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) উদ্দেশে তাঁরা বলেন, অস্তিত্বের প্রশ্নে হিম্মত ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে— কারও পক্ষ নেওয়া যাবে না।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ইউএনওদের উদ্দেশে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে। ভয় পাবেন না, আমরা পাশে আছি। তিনি জানান, ৫ আগস্টের পর কিছু সময় অস্থিতিশীল পরিস্থিতি থাকলেও এখন কর্মকর্তাদের মধ্যে ভয়ের কিছু নেই।
তিনি আরও বলেন, দুইটা কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি স্বাধীনতা পেয়েছি। এখন আবার তত্ত্বাবধায়ক সরকারের আবহ তৈরি হচ্ছে। এই সরকারের অধীনে সততা ও নিষ্ঠা দেখানোর সুযোগ এটি।
তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে ‘বাংলাদেশের ইতিহাসে কনসিকোয়েন্সিয়াল নির্বাচন’ হিসেবে উল্লেখ করে বলেন, সরকারের পক্ষ থেকে সুযোগ তৈরি হয়েছে— সেটি কাজে লাগাতে হবে।
ইসি আনোয়ারুল ইসলাম আরও নির্দেশনা দেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর হতে হবে। তিনি বলেন, “দু’পক্ষ থেকেই ধরতে হবে, ধরলে ছাড়া যাবে না নির্বাচনের আগে। মোবাইল কোর্টকে স্বচ্ছ ও নিয়মিত করতে হবে।”

One Reply to “অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে : ইউএনওদের প্রতি ইসি”
Comments are closed.