ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৮

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৭৮ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৫ জন ও রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) পাঁচজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩০৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ যাবত ১৯ হাজার ৬৩৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২০ হাজার ৯৮০ জন। এর মধ্যে ৫৮ দশমিক আট শতাংশ পুরুষ ও ৪১ দশমিক দুই শতাংশ নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে ৮৩ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মৃত দুজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ও আরেকজন জন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরের বাসিন্দা।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন ও ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এনএএন টিভি 

Share this news as a Photo Card