ঢাবিতে আর যেতে চাই না, ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে রাজাকার : জাফর ইকবাল

কোটা আন্দোলনকারীরা স্লোগানে নিজেদের রাজাকার দাবি করায় আর কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবেন না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

এ বিষয়ে তার একটি লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশার মানুষের ওয়ালে ঘুরছে ওই লেখা।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দেওয়া ‘রাজাকার’ স্লোগান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরের সন্তান জাফর ইকবাল লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না, ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার।

ড. মুহম্মদ জাফর ইকবাল আরও লেখেন, ‘আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন। সেই জীবনে আবার কেন নূতন করে রাজাকারদের দেখতে হবে?’

এ লেখার বিষয়ে জানতে চাওয়া হলে জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, এটা আমি লিখেছি। আমার ওয়েবসাইট সাদাসিধে কথায় এটা পাবেন। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, অনুভূতি।

সাদাসিধে ডটকমে জাফর ইকবালের অসমাপ্ত লেখাটি আপলোড করা হয়েছে। সেই লেখার ইতি টানা হয়েছে তার এই অভিমানের কথা প্রকাশ করে।

আর নিবন্ধটি অসম্পূর্ণ রাখার ব্যাখ্যায় বলা হয়েছে, আমি এই লেখাটি লিখতে শুরু করেছিলাম। শেষ করার আগেই জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী ছাত্রছাত্রীরা নিজেদের রাজাকার হিসেবে ঘোষণা দিয়ে পুরো বিশ্ববিদ্যালয় প্রকম্পিত করেছে। এই লেখাটি শেষ করার আর কোনো প্রয়োজন নেই।

এনএএন টিভি