কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে প্রাণহানি না ঘটলেও বস্তির অসংখ্য বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঢাকার কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বুধবার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মামুনুর রশিদকে প্রধান করে কমটিটি গঠিত হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়-ক্ষতির বিষয়ে অনুসন্ধান করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এর আগে, মঙ্গলবার বৌবাজারের একটি ঘর থেকে বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। শুকনো মৌসুম ও ঘিঞ্জি বসতি হওয়ার জন্য অল্প সময়ের মধ্যেই বস্তির শতাধিক ঘরে ছড়িয়ে পড়ে আগুন। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ছুটে যায়। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
