দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার পৌনে ৩টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত বাদীপক্ষের আপসনামা এবং আসামিপক্ষের জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
বিষয়টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।
এদিন আদালতে এমপি নজরুলের জামিন চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান। আসামিপক্ষ শুনানিতে গাজী নজরুলের জামিনে বাদীপক্ষের আপসনামা এবং তার অসুস্থতার বিষয়টি তুলে ধরে জামিন প্রার্থনা করেন।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জামিন বাতিল চেয়ে শুনানি করেন। তিনি বলেন, অনাপসযোগ্য ধারায় রয়েছে আপস চাওয়া বেআইনি। তদন্ত চলছে শেষ হলে বলা যাবে, এটা আত্মহত্যা নাকি হত্যা। আপসনামায় থাকা আব্দুল হামিদ কি কোনো পক্ষ? বাদীসহ আব্দুল হামিদ মোড়লকে আটকের আবেদন জানান। তার জামিন নামঞ্জুর করেন। আপসের সুযোগ নেই। বাদী কেবল সংবাদদাতা। বাদীও আসামি হয় এ ধরনের মামলায়।
পরে আসামিপক্ষ থেকে বলা হয়, জামিনে আপত্তি নেই বলছে বাদীপক্ষ কিন্তু তদন্তে কোনো আপত্তি জানায়নি। তার স্ত্রী জামিন পেয়েছে সুতরাং গাজী নজরুলকেও জামিন দেওয়া হোক।
