পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ

চলতি মাসের শেষ দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। আর এ দলের হাল ধরতে চলতি মাসেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম।

দেশের বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটা জানিয়েছেন।

 

এ বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, মূলত ছাত্ররাই এটার নেতৃত্বে ছিল। ছাত্র এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সেই দলে যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারে থেকে সেটা সম্ভব না। সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে আমি পদত্যাগ করব।’

 

তিনি বলেন, ‘বর্তমানে যেহেতু সরকারে একটা স্থিতিশীলতা এসেছে, যদিও প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি কিন্তু সেটা চলমান আছে। আমাদের এখন রাজনৈতিক দলের কাজটা বেশি জরুরী। সেখানে আমি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করছি। যদি সরকারে থাকার চেয়ে জনগণের সঙ্গে মাঠে কাজ করাটা বেশি জরুরি মনে হয় তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়ায় যুক্ত হব।’

 

নাহিদ ইসলাম আরও বলেন, ‘ঘোষণা হয়েছে যে এ মাসেই দল গঠন হবে। যদি তাই হয় তবে এ মাসেই সরকার ছেড়ে দলে অংশ নিব।’

 

তিনি বলেন, ‘আর কয়েক দিনের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই পবেন, আপনারা জানতে পারবেন।’