প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

গত শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করতে হয়েছিল। এতে পরীক্ষা দিতে ঢাকায় এসে ভোগান্তিতে পড়েন হাজারো চাকরিপ্রার্থী।

এবার নতুন করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঠেকাতে সচিবালয়ে রাত কাটিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পাঠানোর আগপর্যন্ত সেখানে অবস্থান করেন তিনি।

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠেয় এই নিয়োগ পরীক্ষা সামনে রেখে বৃহস্পতিবার রাতে সচিবালয়ে অবস্থান করেন প্রতিমন্ত্রী। রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলছিল। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় সূত্র জানায়, নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন এবং প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পুলিশি পাহারায় প্রতিটি পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হবে।

শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১১তম গ্রেডের ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী। গত ১০ অক্টোবর প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা স্থগিত করার পর নতুন করে ১৬ অক্টোবর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।

প্রশ্নপত্র প্রণয়নের কাজ তদারক করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক এবং নিয়োগ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারাও সচিবালয়ে অবস্থান করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card