বইমেলার শেষ দিন আজ

আজ প্রাণের মেলা অমর একুশে বইমেলার শেষ দিন। মাস জুড়ে বইমেলা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল। প্রথম দিকে মেলায় দর্শনার্থীদের আগমন ঘটলেও বিক্রি ছিল তুলনামূলক কম। তবে মেলার শেষ সপ্তাহে এসে বিক্রিও কিছুটা বেড়েছে। তবে পুরো মাসের হিসাবে এখনো সন্তুষ্ট নন প্রকাশকরা।

বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা ১৭৬টি। অন্যদিকে গত ২৭ দিনে মেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা ৩ হাজার ৫৯টি। মেলা বিকেল ৩টায় শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়।

বইমেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, সাধ্যমত বই কেনার চেষ্টা করছেন। সময় পেলেই বই মেলায় ঘুরে যান তারা। বিক্রয়কর্মীরা জানান, মেলার শুরুর দিকে দর্শনার্থীদের আগমন বেশি হলেও বিক্রি ছিল খুব কম। তবে শেষ কয়েক দিন অনেক বিক্রি হয়েছে। যদিও মাস জুড়ে আরও বিক্রি হবে বলে আশা করেছিলেন তারা।

 

আজকের অনুষ্ঠান : আজ ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার। অমর একুশে বইমেলা ২০২৫-এর সমাপনী দিন। মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর।

সমাপনী অনুষ্ঠান : আজ বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৫’-এর সদস্য সচিব ড. সরকার আমিন।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমান। অনুষ্ঠানে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫, সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪, চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।

এনএএন টিভি