বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৬ বিভাগে ভারি বর্ষণের আভাস

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় দেশের ছয় বিভাগে ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, উত্তর অন্ধ্র- দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকার অদুরে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরো ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে আজ সোমবার সকাল ৬টায় পশ্চিমমধ্য ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্র- দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘণীভূত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে আবওহাওয়া অধিদপ্তর।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পাঁচদিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর।

এতে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে বাড়তে পারে।

এদিন সন্ধ্যা ৬ পর্যন্ত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ৫৬ মিলিমিটার নথিবদ্ধ করা হয়েছে ঢাকা ও বান্দবানে।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস নথিবদ্ধ করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বোচ্চ মাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এনএএন টিভি