রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের প্রতিশ্রুতি

রাশিয়ার মস্কোয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন ‘রোসাটম’-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার এই বৈঠকে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প’-এর সার্বিক অগ্রগতি ও প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​দ্বিপাক্ষিক এ বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন ‘রোসাটম’ এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সংযোগ দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দ্বিপাক্ষিক বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানান, ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করবে।

বৈঠকে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ জানান, আগামী বছর থেকে দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্ট-আপ কার্যক্রম শুরু হবে।

বৈঠকে রূপপুর প্রকল্পের সাফল্য ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে পারমাণবিক শক্তি খাতের আরও সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card