রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা সংকট মোকাবিলায় টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে গতকাল (রোববার, ২৪ আগস্ট) থেকে শুরু হয়েছে ‘স্টেকহোল্ডারস ডায়লগ’ নামে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন।

আগামী ২৬ আগস্ট পর্যন্ত উখিয়ার ইনানীতে হোটেল বে-ওয়াচ মিলনায়তনে ‘টেকঅ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক স্টেকহোল্ডারস ডায়ালগ নামে তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে। প্রথম দিনে সরকার কঠোর বার্তা দিয়ে জানিয়েছে, আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।

তিনদিনের সম্মেলনে সোমবার (২৫ আগস্ট) সকালের অধিবেশনে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এ সম্মেলন ঘিরে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের আশা বাংলাদেশের।

প্রায় আট বছর আগে মিয়ানমারের রাখাইন থেকে লাখ লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে বাংলাদেশে। দিনে দিনে সংখ্যার হিসেবে তা ১০ লাখ ছাড়িয়েছে। ১৮ কোটির বেশি জনসংখ্যার এ বাংলাদেশে রোহিঙ্গা প্রত্যাবাসনও তাই জরুরি হয়ে দাঁড়িয়েছে।

প্রথম দিনে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে অংশ নিয়েছেন ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘ এবং রোহিঙ্গা ইস্যুতে কাজ করা বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

সম্মেলনে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের কার্যকর পথ খুঁজে বের করা ছাড়াও আন্তর্জাতিক তহবিল, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা ও রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেওয়া হচ্ছে।

তিন দিনের এ সম্মেলনের শেষ দিন মঙ্গলবার (২৬ আগস্ট) বিদেশি অতিথিরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

এনএএন টিভি