সুসম্পর্ক চাইলে ভারতকে ইসরাইলি আচরণ বন্ধ করতে হবে: হেফাজতে ইসলাম

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইলে ভারতকে ইসরায়েলের মতো আচরণ বন্ধ করতে হবে বলে জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে তারা বলেন, ভারতের উত্তর প্রদেশের সামভালে কয়েক শতাব্দীর পুরনো একটি ঐতিহাসিক জামে মসজিদের জমি দখলের নয়া চক্রান্ত শুরু করেছে হিন্দুত্ববাদীরা। এতে স্থানীয় মুসল্লিরা বাধা দিতে গেলে তাদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে যোগী আদিত্যনাথের পুলিশ বাহিনী। এতে তিন মুসলিম শহীদ হন। এমন নৃশংস হত্যাকাণ্ডের আমরা কড়া প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলেন, ‘প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মতো একটি অসামপ্রদায়িক রাষ্ট্রের জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়তে হলে ভারতের শাসকগোষ্ঠীকে এমন ইসরায়েলি আচরণ অবশ্যই পরিহার করতে হবে। নিজ দেশের নাগরিকের রক্ত যাদের হাতে লেগে আছে, তাদের আমরা প্রতিবেশী হিসেবে ভাবতে লজ্জা পাই। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়তে হলে ভারতকে অবশ্যই তার দেশের সংখ্যালঘু মুসলিমদের ওপর দমন-পীড়ন ও খুনযজ্ঞ বন্ধ করতে হবে।’
হেফাজত নেতারা বলেন, ভারতের শাসকগোষ্ঠী প্রতিবেশী দেশ থেকে পালিয়ে যাওয়া ‘গণহত্যাকারী’ শেখ হাসিনাকে বন্ধু হিসেবে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে আবারও শত্রুতার পরিচয় দিয়েছে।

ভারতকে তার ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী নীতি বদলাতে হবে। প্রতিবেশী রাষ্ট্রে দাঙ্গা লাগানোর উসকানি ও মদদ দেওয়া থেকেও ভারতকে বিরত থাকতে হবে।
তারা আরো বলেন, ভারতে হরহামেশা মুসলমানদের মসজিদ ও বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ইসরাইলি কায়দায় মুসলমানদের জমি দখল করা হচ্ছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card