অনেক খেসারত দিতে হবে বিএনপিকে: ওবায়দুল কাদের

আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে না আসা বিএনপিকে অনেক খেসারত দিতে হবে, অচিরেই টের পাবে তারা রাজনীতিতে কতটা সংকোচিত বলে মন্তব্য করেছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

সোমবার দুপুরে দাগনভূঞা টু বসুরহাট সড়ক প্রশস্তকরণ কাজের পরিদর্শন কালে দাগনভুঞার জিরো পয়েন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, সামনে উপজেলা পরিষদ নির্বাচন। এটিকে উন্মুক্ত করা হয়েছে। দল এবার কাউকে দলীয় মনোনয়ন দেবে না। নিজের যোগ্যতা প্রমাণের মাধ্যমে বিজয়ী হয়ে আসতে হবে। আপনাদের নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ এসেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, জেল থেকে বের হয়ে, অসুস্থতার অজুহাতে তিনি জনগণের কাছে যাননি। তিনি ও তার দলের নেতৃবৃন্দ প্রথমে দাবি করেন তাদের ৪০ হাজার নেতাকর্মী জেলে রয়েছে। গত কয়েক দিনে কিছু সংখ্যক নেতাকর্মীর মুক্তির পর তারা ৪০ হাজার থেকে ৪ হাজারে নেমে আসেন। প্রশ্ন হচ্ছে চোর, ছেচর, ডাকাত তাদেরকেও কি বিএনপি নিজেদের কর্মী দেখিয়েছেন?

তিনি বলেন, অচিরেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সার্ভিস লেন করা হবে ও মহাসড়কটি অচিরেই ৬ লেনে উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভবিষ্যতে মহাসড়কটিকে এলেভেটেড এক্সপ্রেসে রূপান্তর করার সিদ্ধান্ত নিতে হতে পারে।

 

এনএএন টিভি

 

Share this news as a Photo Card