জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে তার সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা আছেন।
রোববার (২৩ জুলাই) কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা যাত্রা বিরতির পর
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে পৌঁছান তিনিসহ তার সফরসঙ্গীরা।
এর আগে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট
আজ ভোর ৫টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে জাতিসংঘের খাদ্য ব্যবস্থাপনা+২ স্টকটেকিং মোমেন্ট (ইউএনএফএসএস+২) শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন।
এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ২০ জুলাই এক মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন,
বাংলাদেশ ও ইতালি মধ্যে ‘শক্তির ক্ষেত্রে সহযোগিতা’ ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি’ এই দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে।
তিনি বলেন,
‘প্রধানমন্ত্রীর ২৪ জুলাই এফএও সদর দফতরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তা হিসেবে ভাষণ দেয়ার কথা রয়েছে।’
‘ফোরামে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, কৃষি বিশেষজ্ঞ, খাদ্য উৎপাদনকারী, বিজ্ঞানী, গবেষক এবং অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন।’
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী ‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ দেবেন।
একই দিন সন্ধ্যায় তিনি এফএও সদর দফতরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব রুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
জাতিসংঘের এফএও এর মহাপরিচালক কু ডংইউ এবং ইন্টারন্যাশনাল ফান্ড অফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (আইএফএডি) প্রেসিডেন্ট আলভারো লারিও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী ২৫ জুলাই ইউরোপের ১৫টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলনে’ যোগ দেবেন।
এছাড়া শেখ হাসিনার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে এবং সেখানে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
তিনি ইতালি প্রবাসী বাংলাদেশি আয়োজিত একটি কমিউনিটি রিসেপশনেও যোগ দেবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার,
সংসদ সদস্যরা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ইউএনএফএসএস+২-এ যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর ২৬ জুলাই স্বদেশের উদ্দেশে রোম ত্যাগের কথা রয়েছে।
