ঈদের ফিরতি যাত্রার টিকিট আজ শনিবার (১৫ এপ্রিল) থেকে বিক্রি শুরু করছে রেলওয়ে। এ টিকিটও শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।
বাংলাদেশ রেলওয়ে জানায়, শনিবার বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট।
১৬ এপ্রিল বিক্রি হবে ২৬; ১৭ এপ্রিল বিক্রি হবে ২৭; ১৮ এপ্রিল বিক্রি হবে ২৮; ১৯ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের অগ্রিম টিকিট।
এদিকে ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হবে।
ট্রেনের অগ্রিম টিকিট শুধুমাত্র অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রয় করা যাবে।
টিকিট প্রত্যাশীদের জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্ম নিবন্ধন যাচাই পূর্বক নিবন্ধন করতে হবে।
এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BR NID নম্বর জন্ম তারিখ (জন্ম তারিখের ফরম্যাট- জন্ম সাল/মাস/দিন) লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
ফিরতি এসএমএসের মাধ্যমে নিবন্ধন সফল বা ব্যর্থ হয়েছে কি না, তা জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া https://eticket.railway.gov.bd ওয়েবসাইট
অথবা ‘Rail Sheba’ app-এ সঠিক এনআইডি নম্বর ও জন্ম তারিখ ভেরিফাই পূর্বক অন্যান্য তথ্য দেওয়া সাপেক্ষে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।
বিদেশি নাগরিকরা পাসপোর্ট নম্বর প্রদান ও পাসপোর্টের ছবি আপলোড করার মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করবেন।
১২-১৮ বছর বয়সী যাত্রীরা জন্ম নিবন্ধন নম্বর প্রদান ও জন্ম নিবন্ধন সনদ আপলোড করার মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করবেন।
সফলভাবে এনআইডি/পাসপোর্ট/জন্ম নিবন্ধন যাচাই পূর্বক নিবন্ধন ব্যতীত কোনো যাত্রী আন্তঃনগর ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন না।
স্ট্যান্ডিং যাত্রীদের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
আরও পড়ুন: সব বিষয় মাথায় রেখেই তদন্ত করা হবে: ডিএমপি
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন।
তবে অনলাইনে টিকিট কেনার সময় সহযাত্রীদের নাম ও জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন নম্বর লিপিবদ্ধ করতে হবে।
এ ছাড়া ভ্রমণকালে যাত্রীকে অবশ্যই নিজস্ব এনআইডি বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি/সফটকপি অথবা পাসপোর্ট/ছবি সংবলিত আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।
টিকিটের ওপরে মুদ্রিত যাত্রীর নাম ও এনআইডি নম্বর যাত্রী কর্তৃক প্রদর্শিত পরিচয়পত্রের সঙ্গে না মিললে যাত্রীকে বিনা টিকিটে ভ্রমণের দায়ে অভিযুক্ত করা হবে
এবং বাংলাদেশ রেলওয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
