দেশের নয়টি অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নয়টি অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চারটি সমুদ্র বন্দরে দেখিয়ে যেতে বলা তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রয়েছে।

শুক্রবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়। ওই বার্তায় বলা হয়, ২৮ জুন বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া, আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের স্ক্রলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে দেখাতে বলা তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রয়েছে।

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ২৮ জুন সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৯ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও বলা হয়েছে, ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card