পরীক্ষার কেন্দ্রে অপরিচ্ছন্ন দেখে ক্ষোভ ঝাড়লেন শিক্ষামন্ত্রী

পরীক্ষার প্রথম দিনে রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার  সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ৩ হাজার ৮১০টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুরো কেন্দ্র ঘুরে দেখেন।

সেই সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছ থেকে পরীক্ষা কেন্দ্রের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে জবাব দেন সাংবাদিকদের নানা প্রশ্নের।

পরীক্ষা কেন্দ্র অপরিচ্ছন্ন দেখে ক্ষোভও প্রকাশ করতে দেখা গেছে শিক্ষামন্ত্রীকে।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা সময়মত পরীক্ষায় বসেছে, শিক্ষকরাও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।

এসময় মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, সবকিছু সঠিকভাবে পালন করা হলেও পরীক্ষাকেন্দ্রের ভেতরে অপরিষ্কার ছিল।

পরীক্ষার সময় সেটা কোনোভাবে কাম্য নয়। সেটা আমার প্রচন্ড খারাপ লেগেছে।

তিনি আরও বলেন, অন্তত পরীক্ষার জন্য হলেও কেন্দ্রটা আরও পরিচ্ছন্ন রাখা দরকার ছিল।

তারা চাইলে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারতেন। একটি বড় পাবলিক পরীক্ষা হচ্ছে,

বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীরা এই কেন্দ্রে পরীক্ষা দিতে এসেছে। কর্তৃপক্ষের উচিত ছিল পরীক্ষাকেন্দ্র আরও পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা।

জানা গেছে, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৩ হাজার ৮১০টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র ২ হাজার ২৪৪টি ও শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬টি।

আরও পড়ুন: