বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি লিটারের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে বেড়ে ১১৩ টাকা ৫৪ পয়সা হয়েছে। এতে বিদুৎ উৎপাদনে খরচ বাড়বে।
সোমবার (১৮ মে) রাত ১২টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এর আগে গত ১৮ মে কমিশনের একটি বিশেষ সভায় ফার্নেস অয়েলের দাম বাড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
তারও আগে, ফার্নেস অয়েলের দাম যৌক্তিকভাবে সমন্বয়ের জন্য গত ১৫ মার্চ একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সুপারিশ ও আন্তর্জাতিক বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই দাম বাড়ানো হলো।
এর আগে, গত ১২ এপ্রিল প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম একলাফে ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল। মাত্র এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই জ্বালানির দাম বাড়ানো হলো।
