বন্যায় তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

দেশের কয়েকটি অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে ।

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টায় পর সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডগুলো থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলেও বোর্ডগুলো জানিয়েছে। আকস্মিক বন্যায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্লাবিত হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিন বোর্ডের এই সিদ্ধান্তে সারা দেশে লাখো পরীক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে সংশ্লিষ্ট বোর্ডগুলো জানিয়েছে, শুধুমাত্র ১০ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তী দিনগুলোর পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

বোর্ডগুলোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি খুব শিগগিরই সংশ্লিষ্ট ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে পরীক্ষার্থীদের নিয়মিত খোঁজ রাখার জন্য নিজ নিজ প্রতিষ্ঠান ও বোর্ডের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত

কুমিল্লা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তবে ১৩ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা স্থগিত

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান গণমাধ্যমকে বলেন, “সারাদেশে আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে।”
তবে, পরীক্ষা স্থগিতের সুনির্দিষ্ট কারণ বা নতুন তারিখ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

কারিগরি বোর্ডের এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা স্থগিত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর নিশ্চিত করেছেন যে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম) এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অনিবার্য কারণে ১০ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং নতুন সময়সূচি পরে জানানো হবে।” তবে, অন্যান্য দিনের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী চলবে।

শিক্ষার্থীদের পরবর্তী বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

 

এনএএন টিভি