ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত অনেকে

কুমিল্লায় ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে একাধিক গার্মেন্টকর্মী আহত হয়েছেন।

 শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় অবস্থিত আমির শার্ট গার্মেন্টে এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, আহতদের সেবায় আমাদের একাধিক টিম কাজ করছে।

এ পর্যন্ত কতজন ভর্তি হয়েছেন সেটার সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। তবে এ সংখ্যা অনেক হবে।

সরেজমিনে দেখা যায়, একের পর এক আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

আহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে কেউ গুরুতর আহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হয়েছেন বলে শুনেছি। আমরা এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

 

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে ভূমিকম্প চলার সময় মিরশ্বানি এলাকায় অবস্থিত ওই পোশাক কারখানার তিনতলা এবং চারতলায় থেকে কাজ চলাকালীন অবস্থায় ভূমিকম্প অনুভূত হয়।

এ সময় তড়িঘড়ি করে সবাই নামতে গিয়ে অনেকে আহত হন। হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন ৫০ এর বেশি পোশাক শ্রমিক।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

 

আজ সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভূ-কম্পন অনুভূত হয়েছে। এ ভূ-কম্পনের মাত্রা ছিল ৫.৬।

এটির উৎপত্তিস্থল লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। ঢাকা থেকে ৮৬ কিলোমিটার দূরে।

এনএএন টিভি

Share this news as a Photo Card