শিক্ষা সফরে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মদ্যপান, ভিডিও ভাইরাল

মাদারীপুরের শিবচরে স্কুল থেকে শিক্ষা সফরে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মদ্যপানের ঘটনা ঘটেছে। এ ঘটনার কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছে।

ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা বিদেশী মদের বোতল থেকে শিক্ষককে মদ ঢেলে দিচ্ছেন, আবার শিক্ষকের সামনেই শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করে মদ্যপান করছেন। ঘটনাটি শনিবার ঘটলেও সোমবার (২৬ ফেব্রুয়ারি) সবকিছু জানাজানি হয়ে পড়লে শিবচর জুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। উপজেলা প্রশাসন ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

 

জানা গেছে, শনিবার জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয় কর্তৃক শিক্ষা সফরে নারায়নগঞ্জের সোনারগাঁও থেকে ফেরার পথে এসব ভিডিও ছড়িয়ে পরে। শনিবার ভোরে বিদ্যালয়ের ১৬ জন শিক্ষক-শিক্ষিকা ও ৪১ জন শিক্ষার্থী শিক্ষা সফরের উদ্দেশ্য নারায়নগঞ্জের সোনারগাঁও যায়।

 

এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. মাকসুদুর রহমানকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আসাদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী। সোমবার অভিযুক্ত শিক্ষক মো. ওয়ালিদ মোরশেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবারের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত রিপোর্ট প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card