সংরক্ষিত নারী আসনে ৪৮ জনের মনোনয়নপত্র জমা দিল আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জনের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে আওয়ামী লীগ।

রোববার বিকাল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে তারা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “৪৮ জনের মনোনয়ন জমা দেওয়া হয়েছে। এতে স্বতন্ত্র ও ১৪ দলেরও সদস্য রয়েছে। রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছি আমরা।”

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দ্বাদশ সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ৪৮ জনের মধ্যে অর্ধেকের বেশি নতুন মুখ। ১৪ দলীয় দলের শরিকদের মধ্যে গণতন্ত্রী পার্টির কানন আরা বেগমকে আওয়ামী লীগ সংরক্ষিত আসনে এমপি করে নিচ্ছে।

গত ৭ জানুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন এবং মনোনয়নপত্র বাতিল হয়েছে– এরকম অন্তত তিনজন সংরক্ষিত আসনে এমপি হওয়ার টিকেট পেয়েছেন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card