স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জসহ ৭টি জাহাজ ঘুরে দেখার সুযোগ দিচ্ছে নৌবাহিনী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী বুধবার (২৬ মার্চ) সারা দেশে ৭টি স্থানে বাংলাদেশ নৌবাহিনীর ৭টি জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুর।

রোববার (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আগামী বুধবার ঢাকা সদরঘাটে বানৌজা চিত্রা, নারায়ণগঞ্জ পাগলা নেভাল জেটিতে বানৌজা অতন্দ্র ও চট্টগ্রাম নিউমুরিং নেভাল বার্থ-২ তে বানৌজা সমুদ্র অভিযান সকলের জন্য উন্মুক্ত রাখা হবে।

এছাড়া খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল ঘাটে বানৌজা অপরাজেয়, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা ধলেশ্বরী, বরিশাল মেরিন ওয়ার্কশপ জেটিতে বনৌজা পদ্মা ও চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা শহীদ ফরিদ সকলের জন্য উন্মুক্ত রাখা হবে।

নৌ বাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের জন্য ২৬ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উন্মুক্ত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

এনএএন টিভি