১৪ বছরেও নিষ্পত্তি হয়নি পিলখানার হত্যা মামলা

আজ ২৫ ফেব্রুয়ারি। পিলখানায় বিডিআর বিদ্রোহের ১৪ বছর পূর্ণ হচ্ছে। ২০০৯ সালের এদিনে হঠাৎ গুলি ও বোমার বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে রাজধানী।

সেদিন পিলখানায় বাংলাদেশ রাইফেলস সদর দফতর রক্তাক্ত করে ওই বাহিনীর কিছু বিপথগামী সদস্য। হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে। টানা দুই দিন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মোকাবিলা করে ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহ নিয়ন্ত্রণে আসে।

পিলখানা বিদ্রোহের পর বিডিআরের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ করা হয়। পরিবর্তন করা হয় বাহিনীর লোগো এবং পতাকা। এ বিদ্রোহের ঘটনায় দায়ের করা দুটি মামলার মধ্যে হত্যা মামলার বিচার দুটি ধাপ পার করেছে।

আসামির সংখ্যা ও মৃত্যুদণ্ডের দিক দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় এ মামলা বিচারিক আদালত ও হাইকোর্ট হয়ে এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আপিল বিভাগে বিচারাধীন।

তবে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা অপর মামলার বিচারকাজ চলছে ঢিমেতালে। ঘটনার ১৪ বছর পার হলেও এখনো নিম্ন আদালতই পেরোতে পারেনি মামলাটি।

১২৬৪ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত শেষ হয়েছে ২৫৭ জনের সাক্ষ্য গ্রহণ। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন চলতি বছরই মামলাটির বিচারিক কার্যক্রম শেষে রায়ের পর্যায়ে আসবে।

পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক দ্রুব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন তৎকালীন পুলিশ পরিদর্শক নবজ্যোতি খিসা। পরে মামলা দুটি নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়।

পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত ২০১৩ সালের ৫ নভেম্বর হত্যা মামলার রায় দেন।

ওই রায়ে বিডিআরের সাবেক ডিএডি তৌহিদসহ ১৫২ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির সাবেক এমপি নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় রায়ে ২৭৭ জনকে খালাস দেন বিচারিক আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫২ আসামির মধ্যে ১৪ জন পলাতক।এছাড়া বন্দি অবস্থায় তোরাব আলীসহ দুই আসামি মারা গেছেন।

হত্যা মামলায় ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ ঘটনার অন্যতম পরিকল্পনাকারী ডিএডি তৌহিদসহ ১৩৯ আসামির মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন।

এ রায়ে ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ১৯৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন হাই কোর্ট। খালাস পান ৪৯ আসামি। পরে ২০২১ সালের ৮ জানুয়ারি ১১ দফা পর্যবেক্ষণসহ হাইকোর্ট ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতিরা বাংলা ও ইংরেজিতে দেওয়া রায়ে ভিন্ন পর্যবেক্ষণ দেন।

রায়ে মামলার প্রেক্ষাপট, ঘটনার পারিপার্শ্বিকতা ও নৃশংসতার চিত্রও তুলে ধরা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ২০৩ আসামিরপক্ষে ৪৮টি আপিল আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়।

এদিকে হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় দুটি ধাপ শেষ হলেও বিস্ফোরকদ্রব্য আইনের মামলাটি এখনো বিচারিক আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। এ মামলায় ১ হাজার ২৬৪ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ২৫৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী এজলাসে এ মামলার বিচার চলছে।

Share this news as a Photo Card