২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৭, ভর্তি ৮৬০

সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু।। একইসঙ্গে এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৬০ জন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর ফলে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে। এছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৫৬৫ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৮৬০ জন। এদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়ই ৩৭৬ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৯ জন, বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৪ জন, খুলনা বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, সিলেট বিভাগে ৬ জন ও রংপুর বিভাগে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নেন ২ লাখ ১১ হাজার ১৭১ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

এনএএন টিভি

Share this news as a Photo Card