বিমান দুর্ঘটনায় তারেক রহমানের বার্তা, ‘

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদের আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

এই বিষয়ে সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত। শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানে এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হওয়া কোনোভাবেই কাম্য নয়।

তারেক রহমান বলেন, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কারণ, আমরা একত্রে এই জাতির অংশ—মানবিকতা ও সহমর্মিতার ভিত্তিতে গড়ে ওঠা একটি দেশ।

তিনি আরও লেখেন, এই হৃদয়বিদারক ঘটনায় আহত ও মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের জন্য আমার আন্তরিক প্রার্থনা রইল। আমি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী, বিশেষ করে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং চিকিৎসা সংশ্লিষ্ট পেশাজীবীদের আহ্বান জানাচ্ছি—তারা যেন দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান।

এদিন দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এদিকে, রেজাউল ইসলাম নামে মাইলস্টোন কলেজের প্রভাষক জানিয়েছেন, ছুটির আগ মুহূর্ত বা ছুটি হবে হবে, এমন সময়েই দুর্ঘটনাটি ঘটেছে।

তার ভাষ্যে, ‘একটা প্রশিক্ষণ যুদ্ধবিমান সরাসরি বিল্ডিংয়ে আঘাত হানে। সেটা জুনিয়র সেকশনের বিল্ডিংয়ের ওপর পড়ে। নার্সারি, ওয়ান, টু, থ্রি- এসব ক্লাস চলে ওই বিল্ডিংয়ে। বিল্ডিংয়ের গেটে একেবারে গর্ত হয়ে আগুন ধরে যায়’।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, স্কুলের বাগান সংলগ্ন একটি ভবনের নীচতলায় বিমানের ইঞ্জিনে আগুন জ্বলছে, সেটা নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। ভবনের অন্যান্য ফ্লোর থেকে বাচ্চাদের বের করে আনা হচ্ছে।

এখন উদ্ধার কাজ চলছে, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান ওই প্রভাষক।

 

এনএএন টিভি